৪ আগস্ট ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে ওঠে সেনাবাহিনী
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠেছিল। ওই দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সর্বশক্তি নিয়ে মাঠে নামলেও পিছু হটতে বাধ্য হয়। আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বিরল ঐক্য গড়ে ওঠে সেদিন। ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে সেনাসদস্যরা সেদিন ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে থাকেন। এমনকি প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেন তারা।ওই দিন নগরীর নিউ মার্কেট, আমতল, এনায়েত বাজার, লাভলেইন, ফলমন্ডি, বিআরটিসি, লালখান বাজার, টাইগারপাস, মেহেদীবাগ, দামপাড়া, জিইসি মোড়, আন্দরকিল্লা এলাকাসহ পুরো শহর ছিল রণক্ষেত্র। ৪ আগস্ট রোববার ভোর থেকে শিক্ষার্থীরা জনতাকে সঙ্গে নিয়ে ছোটপুল ও নিউ মার্কেট এলাকা নিয়ন্ত্রণে নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন কর্মসূচির বিরুদ্ধে আওয়ামী লীগ পাল্টা অবস্থান কর্মসূচি দেয়। সকাল ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে মুহূর্তেই ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও আওয়ামী ক্যাডাররা একসঙ্গে ছাত্র-জনতার ওপর হামলা ও গ...